Friday, September 11

এভারটনের মাঠে দুর্দান্ত জয়ে শীর্ষে ম্যানসিটি

0

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে জালের দেখা পেয়েছেন আইমেরিক লাপোর্তে ও গাব্রিয়েল জেসুস। দুই অর্ধের যোগ করা সময়ে দুই তারকার গোলে জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দাভিদ সিলভার ফ্রি-কিকে হেডে গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে।

বিরতি থেকে ফিরে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে ছিল সিটিজেনরা। কিন্তু আর গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দ্য ব্লুজ খ্যাত দলটি। কেভিন ডি ব্রুইনের পাস নিয়ন্ত্রণে নিয়ে জেসুসের নেওয়া প্রথম শট পোস্টে লেগে ফেরে। পরে ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

এ জয়ে ২৬ ম্যাচে ২০ জয় ও ২ দুই ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। লিগে ১১তম হারের স্বাদ পাওয়া এভারটন ২৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।

সূত্র: গোল ডটকম

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.