Tuesday, September 8

কৃত্রিম সাপোর্ট ছাড়াই কাদেরের হৃদযন্ত্র কাজ করছে

0

ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি হয়েছে। তার হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত ৫ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরেই রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সেখানকার হোটেল লবিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ডা. রিজভী বলেন, সেতুমন্ত্রীর কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ওষুধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি আরও জানান, ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।

মাউন্ট এলিজাবেথে ডা. কোহের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী বেগম ইশরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলালউদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. রিজভী প্রমুখ।

পরে হাসপাতালের লবিতে ডা. রিজভীর ব্রিফিংয়ে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।
আগামীকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় ডা. ফিলিপ আবারও ব্রিফ করবেন বলে এ সময় জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.