Wednesday, September 2

এপ্রিলের ১২ থেকে সব সিনেমা হল বন্ধ

0

‘সিনেমা হল বাঁচলেই চলচ্চিত্র শিল্প বাঁচবে’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছেন হল মালিকরা। কিন্তু সিনেমার তেমন একটা উন্নতি না ঘটায় হল মালিকরা আর লসের বোঝা বহন করতে রাজি নন। তাই তারা আগামী ১২ই এপ্রিল থেকে দেশের ১৭৪টি প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দিয়েছেন।

বুধবার সকাল ১১টায় সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, চলচ্চিত্রের দুরবস্থা কাটিয়ে উঠার সম্ভাব্য উপায় নিয়ে আমরা মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্যসচিবের সঙ্গে বৈঠক করেছি। কিন্তু তারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোকে বাঁচানোর কিংবা দেশীয় ছবির উৎপাদন বাড়ানো এবং উপমহাদেশীয় ছবি আমদানির বাধাসমূহ অপসারণের কোনো কার্যকর পথনির্দেশ তারা করতে পারেনি।

তিনি বলেন, বাংলাদেশে প্রেক্ষাগৃহ ১২৩৫ থেকে ১৭৪-এ নেমে এসেছে। এদিকে বর্তমানে প্রদর্শক ও প্রযোজকের পুঁজি ধ্বংস হয়েছে, প্রেক্ষাগৃহের ৫০ হাজার শ্রমিক বেকার হয়েছে।

তার মতে, চলচ্চিত্রের বাজার নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১২ই এপ্রিল থেকে সারা দেশে প্রেক্ষাগৃহ বন্ধ করে দেব। এটাই এখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের পক্ষে আর লোকসান দেওয়া সম্ভব নয়। তাই আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.