কিকিউ মারমা, বান্দরবান : বান্দরবানের লামায় যাত্রীবাহী জীপের চাপায় মো: জোবায়ের (২০) নামে এক কিশোর নিহত হয়েছেন। জোবায়ের পেশায় একজন শ্রমিক। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকায়। এ ঘটনায় গাড়ির চালক আবুল হোসেনকে আটক করেছে স্থানীয়রা। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লামার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজার থেকে যাত্রী বহন করে জীপগাড়িটি (ঢাকা ল-৩৪০) লামা সদরে যাচ্ছিল। গাড়িটি পথিমধ্যে সড়কে মুজিবুরের দোকানের কাছে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে জোবায়রকে চাপা দেয়। জোবায়ের ওই সময় রাস্তা সংস্কারের কাজ করছিলেন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক শ্রমিক জোবায়েরকে মৃত ঘোষনা করেন।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা জানান, গাড়ি ও গাড়ির চালককে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।