আগামী ১১ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন। একদিকে নরেন্দ্র মোদির সমর্থকের সংখ্যা যেমন বিশাল, অন্যদিকে বিরোধী দলগুলো আগের তুলনায় বেশ বলীয়ান। আর তাই নির্বাচনে বিশাল ব্যবধানে মোদির জয় নিশ্চিতের জন্য শনি দেবতাকে তুষ্ট করতেই যজ্ঞ করছেন পাঁচ শতাধিক নারী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের সুরাটে কাপোদারা এলাকায় সিদ্ধ কুটির নামে একটি জায়গায় গতকাল শনিবার শুরু হওয়া এই যজ্ঞ আজ শেষ হবে। প্রধানমন্ত্রী মোদির জন্য ‘১০৮ শনি মহাযজ্ঞ’ করছেন নারীরা।
মহাযজ্ঞের কর্তব্যে থাকা ‘নরেন্দ্র মোদি বিচার মঞ্চ’ সংস্থার প্রধান রেখা রাওয়াল বলেন, ‘শনি মহাযজ্ঞে ৫৩২ জন নারী অংশগ্রহণ করেছেন। তারা তাপি নদীর ধারে বসে দুই দিনের এই যজ্ঞে প্রার্থনা করছেন, যা রোববার শেষ হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধী ছাত্রীরাও নারীদের সঙ্গে এই যজ্ঞে অংশ নিচ্ছে। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে জড়িত নারীরাও এই রীতিতে যোগ দিচ্ছেন।’
মোদিকে ফের প্রধানমন্ত্রী করার জন্য হাভনের বন্দোবস্ত করা হয়েছে বলে আরও জানান এই কর্মকর্তা। সংগ্রহঃ আমাদের সময়