মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। রাজনৈতিক দল, সাংস্কৃতিক গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি পালন করে। এছাড়া উপজেলা প্রশাসন দিনভর ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
সুন্দরগঞ্জ আঃ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে ও কুচ-কাওয়াজ পরিবেশন করে। কুচ-কাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, লায়েক আলী খান মিন্টু, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমূখ।
শেষে অসহায়-দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন, নজরুল প্রি-ক্যাডেট স্কুল, বেকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়, পুটিমারী উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক-পৃথকভাবে কর্মসূচি পালিত হয়।