Wednesday, September 2

আবরার হত্যার ঘটনায় বাসের চালক ও হেলপার গ্রেপ্তার

0

রাজধানীর প্রগতি স্মরণীতে বাসচাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ছাত্র আবরার হত্যার ঘটনায় সুপ্রভাত বাসের চালক মো. ইয়াছিন আরাফাত ও হেলপার মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

বাতেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি (উত্তর) এর ক্যান্টনমেন্ট জোনাল টিম চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন একটি ইটের ভাটায় মো. ইয়াছিন আরাফাতের অবস্থান শনাক্ত করে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যবাড্ডা এলাকা থেকে সুপ্রভাত বাসের হেলপার ইব্রাহিমকে আজ সকাল সাড়ে ৬টার দিকে গ্রেপ্তার করে ডিবি উত্তরের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
গত ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার ঢাকা সুপ্রভাত পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ বাসটি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে গুলশান থানায় মামলা রুজু হয়।

মো. আবদুল বাতেন আরও জানান, গত ১৯ মার্চ ভোর পাঁচটা ৪৫ মিনিটে ভিক্টোরিয়া পার্ক থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস নিয়ে রওনা দেন চালক সিরাজুল ইসলাম। কিছুক্ষণ পর গুলশান থানাধীন শাহজাদপুর বাঁশতলা অতিক্রম করার সময় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তাকে চাপা দেয় তার বাস। গুরুতর জখম হন ওই ছাত্রী।
এ ঘটনার পর সুপ্রভাত বাসের যাত্রীরা সিরাজুলকে আটক করে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করেন। উত্তেজিত হয়ে ওঠেন জনতা। এ পরিস্থিতিতে বাসের কন্ডাক্টর ইয়াসিন দ্রুত চালকের আসনে বসে বাসটি চালিয়ে নিয়ে যান। বেপরোয়া গতিতে ছুটতে ছুটতে বাসটি চলে আসে বসুন্ধরার নদ্দা এলাকায়। সেখানে ওই বাসটিই আবার চাপা দেয় আবরার আহমেদ চৌধুরীকে।

প্রাথমিকভাবে বাসচালক সিরাজ বাস চালিয়ে দুর্ঘটনা সংঘটনের কথা স্বীকার করায় পুলিশ ধারণা করেছিল সেই আবরারকে হত্যা করেছে। সেকারণে পুলিশ তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনে। ইতোমধ্যে মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তভার ডিবির হাতে আছে। গোয়েন্দা পুলিশ রিমান্ডে থাকা বাসচালক সিরাজের স্বীকারোক্তিমতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.