Sunday, September 6

সন্ধ্যায় দেশে ফিরছেন মোশাররফ

0

বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ রুবেলের ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। বায়োপসি রিপোর্টও পজিটিভ। শনিবার সন্ধ্যায় দেশে ফিরছেন তিনি।

গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সম্পন্ন হয় রুবেলের ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার। বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে এ অপরারেশন হয়। দুই দিন পর বায়োপসি রিপোর্ট হাতে আসে। সুখবর, তার ব্রেইন টিউমারে ক্যান্সারের কোনো জীবাণু পাওয়া যায়নি। ফলে প্রাণঘাতী রোগের হাত থেকে পুরোপুরি শঙ্কামুক্ত তিনি।

তবে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিতে আগামী মাসে ফের সিঙ্গাপুর যেতে হবে মোশাররফকে। প্রতি মাসেই নিয়ম করে এ থেরাপি দিতে হবে। যাতে টিউমারটা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ফলে এখনো অনেক খরচ হবে।

এদিন সন্ধ্যা ৬টায় দেশে ফেরার কথা মোশাররফের। এখন মোটামুটি সুস্থ আছেন। তবে শিগগির মাঠে ফেরা হবে না তার। খেলার মতো ফিট হতে সময় লাগবে। দেশে ফেরার পর চিকিৎসকের পরামর্শ মতোই চলতে হবে তাকে।

গত ১০ মার্চ পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে রুবেল জানতে পারেন তার ব্রেইনে গ্লিওমা টিউমার হয়েছে। এ ধরনের টিউমার সাধারণত মস্তিষ্কের কোষ কিংবা মেরুদণ্ড থেকে জন্ম নেয়। পুরো চিকিৎসা প্রক্রিয়ায় প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে। বিসিবি, সতীর্থ, ক্রিকেটপাড়ার অনেকের সহায়তায় অর্থ জোগাড়ের পর কালবিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হন। উন্নত চিকিৎসার জন্য যান সিঙ্গাপুরে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে খেলেছেন মোশাররফ। তার নামের পাশে রয়েছে ৪ উইকেট। সেরা বোলিং ফিগার ২৪ রানে ৩ উইকেট। ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। আর ২০১৬ সালের ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেন তিনি।
তবে রুবেল সেই ২০০০-০১ থেকে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন। সবশেষ বিপিএলে একটি ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী বোলার ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.