আগামী ১৬ ফেব্রুয়ারী চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে । এই নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ৬০তম কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।
মো. আলমগীর বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ১৮ জানয়ারি বগুড়া-১ আসন আর যশোর-৬ আসনটি ২১ জানুয়ারি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।