Monday, November 23

আজ ওয়ান প্লানেট সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

0

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ওয়ান প্লানেট সামিট আজ মঙ্গলবার শুরু হচ্ছে। প্যারিসের পশ্চিম উপকণ্ঠের লা সেনগুইন দ্বীপে অবস্থিত মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্ট সেন্টার ‘লা সেইন মিউজিক্যাল’-এ এই শীর্ষ সম্মেলন শুরু হবে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার অভিন্ন লক্ষ্য ত্বরান্বিত করতে বিভিন্ন এনজিও, ফাউন্ডেশন, সরকারি-বেসরকারি সেক্টরের দুই হাজার প্রতিনিধিসহ শতাধিক দেশের নেতারা এতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী, আজ সন্ধ্যায় লা সেইন মিউজিক্যালে ওয়ান প্লানেট সামিটের উচ্চপর্যায়ের এক বৈঠকে অংশ নেবেন। শীর্ষ সম্মেলন থেকে ফিরে প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থলে এক কমিউনিটি অনুষ্ঠানে অংশ নেবেন। এর আগে সকালে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এলিসি প্যালেসে এক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি এলিসি প্যালেসে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্যারিস পৌঁছান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

সফর শেষে আগামী বুধবার রওনা হয়ে বৃহস্পতিবার দেশে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.