সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাদ এলাকায় একটি নৌ থানার ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসারা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো। তাদের আবেদনেই তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তারপরও বিএনপি যদি তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদন করে, সেটি যদি যৌক্তিক মনে হয় তবে বিষয়টি সরকার চিন্তা করে দেখবে।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন খালেদা জিয়া। তিনি গুরুতর অসুস্থ দাবি করে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। সপ্তাহে খালেদাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।