Tuesday, September 29

‘আসো, আমাকে মারো’-ইংল্যান্ডকে লায়নের চ্যালেঞ্জ

0

‘আসো, আমাকে মারো’-ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একেবারে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। অ্যাশেজের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়ে শুরু হয়েছে তার দলের। অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টের আগে তাই সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আরও শক্ত চ্যালেঞ্জ জানালেন অজি অফস্পিনার।

গ্যাবায় সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। লায়ন নেন ৫ উইকেট। ৩০ বছর বয়সী অফস্পিনার এবার অ্যাডিলেড ওভালে খেলার আগে আরও বেশি আগ্রাসী। এক বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ভেনু্যতে অস্ট্রেলিয়াকে বলতে গেলে একাই জিতিয়েছিলেন তিনি।

সেই আত্মবিশ্বাস থেকে এবার ইংলিশ ব্যাটসম্যানদের তাঁতিয়ে দিচ্ছেন লায়ন। বলছেন, ‘প্রতিপক্ষ যখন আমাকে আক্রমণ করার চেষ্টা করে, আমাকে ছুঁড়ে ফেলতে চায়, খুব ভালো লাগে। এটা খেলার অংশ। সন্দেহ নেই, ইংল্যান্ড আরও প্রস্তুত হয়ে মাঠে নামবে। প্রথম টেস্টের থেকে আলাদা পরিকল্পনা থাকবে তাদের। আর এটাই তো হওয়ার কথা।’

সিরিজ শুরু আগে এক কথা বলে ভীষণ সমালোচিত হয়েছিলেন লায়ন। বলেছিলেন, অ্যাশেজ সিরিজ ইংল্যান্ডের কয়েকজন ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। জো রুট এই মন্তব্যকে বেশ অসম্মানজনক মনে করেছেন। এ নিয়ে অনেক কথা হয়েছে।

এবার অবশ্য প্রতিপক্ষকে একটু সম্মানও দিলেন লায়ন। দিবারাত্রির টেস্টে মাঠে নামার আগে অজি অফস্পিনার বললেন, ‘আমার মনে হয়, গোলাপি বলে তাদের বোলাররাই ভালো করবে। আমরা জানি তারা শক্ত হয়ে ফিরবে। এটা উদ্যানে হাঁটার মত ব্যাপার নয়। আমাদের নিশ্চিত করতে হবে, তাদের যেন সম্মান দেই।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.