Saturday, August 29

ইডেন টেস্ট দেখতে কলকাতার পথে প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে একদিনের সফরে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা। বেলা ১টা ৩০ মিনিটে খেলা শুরুর কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আজ থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা অনুষ্ঠিত হবে।
কলকাতা পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করবেন। খেলা দেখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে তাদের মধ্যে ছোট পরিসরের এই বৈঠক হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিকদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.