Monday, August 10

এক সিনেমায় একসঙ্গে তিন সুপারস্টার

0

বলিউডের পর্দায় বড়সড় এক চমক দিতে চলেছেন পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়া। বলিপাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছে, শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনকে নিয়ে এবার একটি স্পাই থ্রিলার তৈরি করার পরিকল্পনা করেছেন আদিত্য।যশরাজ ফিল্মসের ব্যানার থেকে খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে। তবে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো বিবৃতি দেয়া না হলেও চলচ্চিত্র সমালোচকরা ছবিটি নিয়ে নানা কথা শুরু করে দিয়েছেন। খবর সংবাদ প্রতিদিনের।

এই মুহূর্তে শাহরুখ খান ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে ‘টাইগার থ্রি’ ছবির শেষ পর্যায়ের শুটিং করছেন সালমান। হৃত্বিক ব্যস্ত রয়েছেন ‘বিক্রম ভেদা’ ছবির শুটিংয়ে। শোনা যাচ্ছে, এসব ছবির শুটিং শেষ করেই আদিত্যের ছবির শুটিং শুরু করবেন সালমান, শাহরুখ ও হৃত্বিক।

‘টাইগার’ ছবিতে গুপ্তচরের চরিত্রে দেখা গিয়েছে সলমনকে। সেই ছবিরই তৃতীয় পর্ব ‘টাইগার থ্রি’। অন্যদিকে ‘পাঠান’ ছবিতেও শাহরুখের চরিত্রটি গুপ্তচরের। শুধু তাই নয়, ‘ব্যাং ব্যাং’ ছবিতে হৃত্বিককে দেখা গিয়েছিল স্পাইয়ের চরিত্রে। গুঞ্জনে রয়েছে এই তিন চরিত্রকে এক করেই নাকি আদিত্য চোপড়া একটি স্পাই থ্রিলার তৈরি করতে চলেছেন। খবর এসেছে ‘ওয়ার ২’ ছবি তৈরি শেষ করেই নতুন ছবির কাজ শুরু করবেন আদিত্য।

বলিউডের এক ছবিতে শাহরুখ, সালমান ও হৃত্বিক! ভক্ত-অনুরাগীরা যে এই ছবি দেখার জন্য মুখিয়ে থাকবেন তা বলাই বাহুল্য। জানা গেছে, ২০২৩ সালের শেষের দিকেই বলিউডের পর্দায় ঝড় তুলবেন এ তিন নায়ক। তবে ছবিটি নিয়ে আদিত্য চোপড়া আপাতত কোনো মন্তব্য করতে চাননি। ঘনিষ্ঠসূত্রে খবর, তিন নায়কের কাছেই এই ছবির চিত্রনাট্য পৌঁছে গিয়েছে। তবে তাদের পক্ষ থেকে এখনও কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.