Tuesday, August 11

এবার একই সময়ে শুরু হচ্ছে ৪১তম বিসিএসের পরীক্ষা ও এসআই পদের পরীক্ষা

0

আগামী ২৯ নভেম্বর থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ও পুলিশ বাহিনীর উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) পদের পরীক্ষা পড়েছে একই সময়ে। ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে। অন্যদিকে, এসআই পদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর থেকে।

গত রোববার পিএসসির ওয়েবসাইটে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। সূচিতে দেখা যায়, ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গত বৃহস্পতিবার এসআই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে দেখা যায়, বিভাগীয় পর্যায়ে এসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা।
বৃহৎ এই দুই নিয়োগ পরীক্ষা একই সময়ে পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। রুহুল আমিন নামের এক চাকরিপ্রার্থী বলেন, ‘আমার মতো লাখো বেকারের স্বপ্নের জায়গা বিসিএস ও এসআই। দীর্ঘদিন পর এসআই নেওয়ার বিজ্ঞপ্তি হলো। এটার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিসিএসের সঙ্গে এ পরীক্ষা পড়ায় হতাশ হয়েছি। বিসিএসের জন্য পড়ব, নাকি এসআই পরীক্ষার জন্য পড়ব, সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের দিকটি বিবেচনা করে কর্তৃপক্ষের উচিত সূচি পরিবর্তন করা।’

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, বিসিএস একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, প্রার্থীরা অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করে আছেন। এসআই পদের পরীক্ষা পিছিয়ে দিলে প্রার্থীদের উপকার হবে। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের পরীক্ষা পেছাবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা পেছানোর বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। শিগগিরই সিদ্ধান্ত হবে বলে আশা করি।’

এসআই পদে জনবল কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। অনলাইনে আবেদন চলছে। চাকরিপ্রত্যাশীরা আবেদন করতে পারবেন আগামী ৪ নভেম্বর পর্যন্ত।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। গত ১ আগস্ট প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়। এদিকে এবার নতুন নিয়মে এসআই নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়ম নিয়ে পুলিশের ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.