Saturday, August 15

এবার ‘রেড জোন’ বান্দরবান সদর ও রুমা উপজেলা!

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলায় হু হু করে বাড়ছে করােনা সংক্রমণের হার। এই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বান্দরবান সদর উপজেলা,পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।
মঙ্গলবার ( ০৯ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা ।

তিনি জানান, আগামীকাল বুধবার বেলা ১২:০০ টা হতে রেড জোন কার্যকর করার জন্য লকডাউন করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লক ডাউন কার্যকর থাকবে।

আগামীকাল ১০ জুন দুপুর ১২ টার আগেই প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার জন্য সকলকে অনুরোধ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ।
জানা গেছে, রেড জোন এলাকায় সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘােষণা করা হয়েছে। সকল জনসাধারণ আবশ্যিকভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করবে। সকল ব্যক্তিগত ও গণপরিবহণ বন্ধ থাকবে। নিত্য প্রয়ােজনীয় পণ্য বহনকারী হালকা ও ভারী যানবাহন রাত ৮টা থেকে থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে।

সকল প্রকার দোকান, মার্কেট, বাজার, হাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেবলমাত্র রবিবার ও বৃহস্পতিবার কাচা বাজার ও মুদি দোকান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খােলা রাখা যাবে। ওষুধের দোকান এর আওতার বাইরে থাকবে।
কেবল কভিড ১৯ মােকাবেলা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খােলা থাকবে।

এদিকে, বান্দরবান জেলার তিনটি উপজেলাকে (লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি) রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (০৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তালিকায় এই তথ্য জানা যায়।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার একদিনে ১৪ জন আক্রান্তসহ ৭টি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে শিশুসহ ৬৩ জন। করোনায় আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । মন্ত্রীর সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন আরো তিন জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.