
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী দুই সংসদ সদস্য শপথ নিয়ে সংসদে গেলে বিধি অনুযায়ী ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নেবে। যদি কেউ সংসদে যায় তাহলে ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না।
রোববার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে ড. মোশাররফের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
মোশাররফ হোসেন বলেন, আমাদের ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল, আমরা যেহেতু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি, অতএব বিএনপি ও ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন আমাদের কেউ সংসদে যাবে না। এটা বিএনপি ও ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল। এখন ঐক্যফ্রন্টের দুইজন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের জানা মতে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না যাওয়ার পক্ষে। এটা নিয়ে আমাদের কোনও মতামত নেই। গণফোরাম তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, আমরা শুনেছি তারা সংসদে অংশগ্রহণ করবে। তখন আমরা আমাদের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে সেই প্রেক্ষাপটে ব্যবস্থা গ্রহণ করব।
গণফোরামের দুই প্রার্থী শপথ নিলে বিএনপিতে কোনও টানাপোড়েন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা এত আগে বলা যাবে না। আমরা একটা বড় টার্গেট করে ঐক্যফ্রন্ট করেছি। অতএব এ ব্যাপারে আমি বিশ্বাস করি যদি কেউ সংসদে যায় ঐক্যফ্রন্টের কোনও ক্ষতি হবে না।
গ্যাসের দাম বৃদ্ধির জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, গ্যাসের দাম কয়েকগুণ বৃদ্ধি করে সরকার যে অবস্থায় রেখেছে, আবার যদি বৃদ্ধি করে তাহলে এটা মরার ওপর খাঁড়ার ঘা হবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।