কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলাকেটে ও গাজীপুরে দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় প্রবাসীর মা, স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্বরত্না গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬০), তার ছেলের বউ মিলা বড়ুয়া (২৪), নাতি সনি বড়ুয়া (৬) ও রবিন বড়ুয়া (৫)।
স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, ছেলে রুখেন বড়ুয়া কুয়েত প্রবাসী। তাই বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। ছেলের বউ আর নাতি-নাতনি নিয়ে বাড়িতে থাকতেন সখী বড়ুয়া। গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নিহতদের মরদেহ দেখে পুলিশের খবর দেন। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনি বলা যাচ্ছে না।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
অপরদিকে, গাজীপুরের পূবাইলের বসুগাঁও এলাকায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, কালাম ও তার স্ত্রী পুতুল। বুধবার রাতে নিজঘরে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার বসুগাঁও এলাকার আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)। কালাম ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
জানা যায়, কালাম ও তার স্ত্রী পুতুল রাতে ঘরে শুয়েছিলেন। কে বা কারা তাদের কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি মো: নাজমুল হক ভূইয়া জানান, গেল রাতের যে কোন সময় দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে আজ ভোরে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেননি। পুতুল নিহত কালামের তৃতীয় স্ত্রী। তাদের সংসারে দেড় বছর বয়সের একটি ছেলে রয়েছে। তবে তিনি হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেন নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।