প্রাণঘাতি করোনাভাইরাস কেড়ে নিল আরো একজনের প্রাণ। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন, ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
মন্ত্রী জানান, করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা দাঁড়িয়ে দুজনে। গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। সারাদেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারেন্টাইনে। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনে মৃত্যুর খবর জানানো হয়।
মন্ত্রী জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কোয়ারেন্টিন হচ্ছে। তিনি জানান, চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে। নতুন ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে।
মন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে হোম কোয়ারেন্টিনে আছেন ১৪ হাজার জন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।