প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানিয়েছে চীনা দূতাবাস।
চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসা-সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফিলিপাইনকে এক লাখ টেস্ট কিট সরবরাহ করেছে চীন। এছাড়া আরও কয়েকটি দেশকে চিকিৎসা-সামগ্রী সরবরাহ করে সহযোগিতা করেছে করোনায় বিপর্যস্ত দেশটি।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৪ জন।