খেলাধুলা , শারিরীক গঠন, সুস্থতা ও চরিত্র গঠনে সহায়কনগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজেম আলী স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আন্ত:শ্রেণী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ।
কাজেম আলী মেমোরিয়াল অডিটরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় মেয়র বলেন, ‘কাজেম আলী স্কুল এন্ড কলেজ এখন স্বমহিমায় উজ্জ্বল। শিক্ষা-দীক্ষায় যেমন এ প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়ছে ঠিক তেমনি ক্রীড়া প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করছে।’
মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধু পুথিঁগত বিদ্যা অর্জন করলে একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হতে পারবে না। পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য প্রয়োজন সামাজিক কিংবা নৈতিক শিক্ষা।’ মেয়র বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা চর্চায় নিয়োজিত হতে হবে। কেননা খেলাধুলা শারিরীক গঠন, সুস্থতা ও চরিত্র গঠনে সহায়ক।’
ছাত্রদের দাবির প্রেক্ষিতে মেয়র ইনডোর এবং আউটডোরের গেমসের সকল সরঞ্জামাদি নিজে স্টেডিয়াম মার্কেটে গিয়ে ক্রয় করে উপহার হিসেবে প্রদান করেন।
কাজেম আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাজী মো. সাহাবুদ্দীন, দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, অভিভাবক সদস্য মোহাম্মদ হাসান, মুজিবুর রহমান, মনোয়ারা বেগম, অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ সানজিদা মোখতার তানজিন, সহকারী প্রধান শিক্ষক লুৎফুল কবির ভূঁইয়া। অনুষ্ঠানে সিটি মেয়র বিজয়ী এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় মেয়র আশা প্রকাশ করেন এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত অনুশীলন করে জাতীয় পর্যায়ে সাফল্য দেখাবে। তিনি প্রয়োজনে আরো সহযোগিতার আশ্বাস দেন।