
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কম্প্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক জানান, যাত্রীবাহী বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডারির দরবার শরিফে যাচ্ছিল। জগন্নাথ দিঘি এলাকায় বাসটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরেক ব্যক্তি।