কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে মোমবাতির আগুনে পুড়ে ছাই হল ১০টি দোকানের মালামাল। ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবেরডাঙ্গি বাজারে।
রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আলম বাদল ও দোকানঘরের মালিক আলহাজ্ব আলী আকবর জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই বাজারের ফারুক হোসেনের মনোহারি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। জ্বালানো মোমবাতির আগুন অসতর্কভাবে ছড়িয়ে পরলে প্রথমে তার মনোহরি দোকানঘরে আগুন লাগে। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই মূহুর্তের মধ্যে ১০ দোকানে আগুন ছড়িয়ে পরে।
এতে ফারুক হোসেনের প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল, আয়নাল হকের আড়াই লক্ষ, ডাক্তার আব্দুস সালামের ১ লক্ষ, মোখলেছুর রহমানের ৩ লক্ষ, আবু সাইদ, রাশেদুল হক ও জহর উদ্দিনের ৪ লক্ষ টাকা করে, শফি ডাক্তারের ২ লক্ষ, নুরুজ্জামানের ১ লক্ষ এবং সন্দেস আলি নাপিতের অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়। এছাড়াও দোকান মালিক আলহাজ্ব আলী আকবরের দোকানঘরের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ টাকা।
রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাউজুল কবির ক্ষতিগ্রস্থ বাজারটি বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন।