খাল ভরাট করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো খামারটি মিশে গেল মাটিতে

0

শনিবার (২৯ জুন) দুপুর ১২টায় মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রাজধানীর মোহাম্মদপুরে খাল ভরাট করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো খামারটি মাটির সঙ্গে মিশে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।এদিন সকাল সাড়ে ১০টায় উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্বিত হয়। তৃতীয় দিনের মতো অভিযান চালিয়ে গরু-ছাগলের খামারটি পুরো উচ্ছেদ করে ভেকু মেশিন দিয়ে খাল খননের কার্যক্রম চালানো হয়।বৃহস্পতিবার সাদিক অ্যাগ্রোর খামারের একাংশ উচ্ছেদ করা হলেও আজ শনিবার পুরো খামার গুড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি কোটি টাকার ‘অভিজাত’ গরু এবং ‘১৫ লাখ টাকার’ ছাগল নিয়ে আলোচনায় আসে এই খামার।

ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ৯টি পাকা স্থাপনা, একটি হাউজিংয়ের গেট এবং আশেপাশের বেশ কিছু ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সাদিক অ্যাগ্রোর স্থাপনার ৫টি শ্যাডের মধ্যে তিনটি পুরোপুরি ভেঙে দেওয়া হয়।
এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন। খাল ও খালের পাড় দখল করে একটি বাণিজ্যিক ফার্ম ও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন খালের জায়গা উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।

তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
তিন দিনের অভিযানে প্রায় ৭০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এখন পর্যন্ত ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া রামচন্দ্রপুর খালের ১০ টন বর্জ্য পরিষ্কার করে খনন কাজ চালানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.