Wednesday, September 2

খালাফ হত্যা: সাইফুলের মৃত্যুদণ্ড কার্যকর আজ

0

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে রোববার রাতে।

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড আজ রাত ১০টায় কার্যকর করা হবে। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহম্মেদ জানান, মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন।

২০১২ সালের ৫ মার্চ ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করা হয়। পর দিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় খালাফ আল আলী।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করে। ওই মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে দণ্ডপ্রাপ্ত আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। পরে ২০১৩ সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল, তিনজনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা থানার মধ্যে খোন্তাকাটা এলাকার মৃত আবদুল মোতালেব হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

কোনাবাড়ী থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, এ ব্যাপারে আপাতত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রস্তুতি নেই। বিষয়টি আমাদের এখনও জানানো হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.