খালেদা জিয়াকে অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে কিনা সেটা কারাগারের বিষয়-বাণিজ্যমন্ত্রী

0

খালেদা জিয়াকে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে কিনা সেটা কারাগারের বিষয়। আর বিচার দেখছে আদালত, এটা সরকারের বিষয় না।

আজ রবিবার জাতীয় কনভেনশন, আন্তর্জাতিক সেমিনার, কাউন্সিল অধিবেশন ও বার্ষিক সভা ২০১৮ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ‘ইমার্জিং ফোরসিস্টেম: ভ্যালু এডিশন, সাপ্লাই চেইন অ্যান্ড পোস্ট সিকিউরিটি’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তিনি সেই প্রস্তাব নেননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি আরও বলেন, আমি যখন কুমিল্লা জেলে ছিলাম তখন আমার চিকিৎসাও বঙ্গবন্ধু মেডিক্যালে হয়েছে। এর চেয়ে ভালো হাসপাতাল তো আর নেই। এখানে সব বড় বড় ডাক্তার আছেন। এখানে বড় বড় নেতাদের চিকিৎসা হয়েছে।

নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে খালেদার বিচার প্রসঙ্গে তিনি বলেন, তার অসুস্থতার কথা বিবেচনা করে তাকে এই কারাগারে রাখা হয়েছে। এ কারাগারে কর্নেল তাহের ও অনেক বড় বড় নেতার বিচার হয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচনের আগে বিএনপি গোলযোগ সৃষ্টি করতে চায়। এ সুযোগ তারা পাবে না। ঘোষিত তারিখ অনুযায়ী নির্ধারিত সময়ে বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির উচিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া। তাদের সামনে কোনো ইস্যু নেই, তাই খালেদার বিচার ও চিকিৎসা কেন্দ্র করে ইস্যু তৈরির চেষ্টা করছে।

এ ছাড়াও বাংলাদেশ খাদ্য উৎপাদনে অনেক ভালো করেছে-এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের রপ্তানি আগের চেয়ে অনেক বেড়েছে। রপ্তানি আয় এখন ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ মৎস্য রপ্তানিতে বিশ্বে ৪র্থ এবং সবজি রপ্তানিতে ৩য়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.