কুমিল্লার ২ মামলা
খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

0

কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি চলছে।

আজ রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী উপস্থিত আছেন।

গত ৩১ মে দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাস পুড়িয়ে হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলায় এবং মানহানির অভিযোগে নড়াইলে করা একটি মামলায় ২০ মে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। এ তিন আবেদনের শুনানি নিয়ে গত ২৮ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ কুমিল্লার দুটি মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আর নড়াইলের মামলায় জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।

খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চেয়ে সেদিনই আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা পরের দিন চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি নিয়ে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৩১ মে পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ। শুনানি শেষে আদালত খালেদা জিয়াকে কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রাখেন এবং আগামী ২৪ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.