Thursday, September 10

গণভবনে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

0

বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সংবাদ সম্মেলনে আসছেন। প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সৌদি আরব সফরের বিস্তারিত এই সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেন। এই সফরে সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সৌদি বাদশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রাখার ওপর জোর দিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সফরের দ্বিতীয় দিন বুধবার রিয়াদে সৌদি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠকে কাউন্সিল অফ সৌদি চেম্বারের (সিএসসি), রিয়াদ চেম্বার অব কমার্সের নেতারা ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন। ওই দিন দুপুরেই সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকের পর রাজপ্রাসাদে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি তিনি সৌদি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সৌদি আরব সফরে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.