গাইবান্ধা প্রতিনিধিঃ দেশের সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থলের কর্মকর্তা হিসেবে কাজ করেন তাঁরা। অভিযোগ, মামলা নিষ্পত্তি, শুনানি গ্রহণ আর রায় লেখায় তাঁদের জীবন কাটে। নিজেদের প্রাত্যহিক কাজেও সাধারণ মানুষকে সেবা দিয়ে চলছেন নিম্ন আদালতের বিচারকরা।
এবার, নিজেদের কাজের গণ্ডির বাইরেও মানুষের কাছে ছুটে গেছেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত এবং মূখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকরা।
জেলার গোবিন্দগঞ্জসহ বেশ কয়েকটি জায়গায় ত্রাণ তুলে দিয়েছেন বন্যাদুর্গত মানুষের কাছে। নিজেদের বেতনের অর্থ ও সহায়তা থেকে প্রায় দেড় লাখ টাকার ত্রাণ সহায়তা দেন গাইবান্ধার জেলার বিচারকরা। জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার নেতৃত্বে গাইবান্ধার মূখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল্লাহসহ জেলার অনান্য বিচারকরা ত্রাণ বিতরণ কাজে অংশ নেন। শুক্র ও শনিবার দুইদিন জেলার দুর্গত বানভাসী মানুষের কাছে ছুটে যান বিচারকরা। এছাড়া বন্যাদুর্গতদের পরিবারে আর্থিক সহযোগিতা করেন।