বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় নৌকায় করে ঘুরতে গিয়ে বন্যার পানিতে ডুবে শিমু আকতার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার বিকেলে সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়া মাদ্রাসা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিমু দক্ষিণ ঘাগোয়া মাদ্রাসা পাড়ার আক্কাস আলীর মেয়ে ও কোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে গ্রামের অন্যান্য ছেলে-মেয়েদের সাথে নৌকায় করে বন্যার পানিতে ঘুরতে যায় শিমু। সে সময় নৌকার তলা ফুটো হয়ে নৌকাটি ডুবে যায়। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা দ্রুত নৌকাটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। এ ঘটনায় পানিতে ডুবে শিমু গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।