গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা শহরের দক্ষিণে সরকার ফিলিং স্টেশনের সামনে একটি ট্রলিতে বাসের ধাক্কায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন এবং দুপুর ১২টায় উপজেলার জুনদহ এলাকায় আরও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।
সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে একটি রডবোঝাই ট্রাক রংপুরের দিকে আসছিল। ট্রাকটির ওপরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। সকাল সাড়ে এগারোটার পরে পলাশবাড়ি উপজেলার জুনদহ নামক এলাকায় ট্রাকটি আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, রড সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এর আগে সকালের দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেছিলেন, গাইবান্ধা থেকে বগুড়াগামী বাসটির শহরের দক্ষিণে সরকার ফিলিং স্টেশনের কাছে চাকা বাস্ট হয়ে পাশে একটি ট্রলিতে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ইটভাটার এক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন আরও সাতজন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, বাসটি গাইবান্ধা থেকে বগুড়া যাচ্ছিল। পথে শহরের দক্ষিণে সরকার ফিলিং স্টেশনের কাছে বাসটির চাকা বাস্ট হয়ে পাশে একটি ট্রলিতে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ইটভাটার এক শ্রমিক নিহত হয়। এ সময় আহত হয় আরও সাতজন। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক আরো দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।
সকালের দুর্ঘটনায় নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের খশরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪)।