Thursday, November 5

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মতো এবারও মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ভোর ৪টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র। জানা গেছে, ভোরের দিকে কুয়াশা বাড়তে শুরু করলে পদ্মার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় নৌ পথে দিক নির্ণয় করতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

এদিকে সকালে কুয়াশা আরো বাড়লে ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে লঞ্চঘাট সূত্রে জানা গেছে। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, অতিরিক্ত কুয়াশার কারণে ভোর পাঁচটা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এর আগে আজ সকালে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে একটি ফেরি। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.