চট্টগ্রাম মীরসরাইয়ে এক হাজার ১৫০ একর ভূমির উপর যাত্রা শুরু করলো বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নতুন অর্থনৈতিক অঞ্চল।
আজ বুধবার(২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিনিয়োগ আকর্ষণ এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) দেশের ইপিজেডগুলোকে ইতোমধ্যে বিনিয়োগের আকর্ষণীয় স্থান হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত করেছে। শিল্পের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সরকার এ ক্ষেত্রে সহায়তাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি শিল্প-উৎপাদনের দিকে নজর দেন। তিনি পরিত্যাক্ত কলকারখানাগুলো জাতীয়করণ করেন। মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধু সরকারের সময় জিডিপি প্রবৃদ্ধির হার শতকরা ৭ ভাগের উপরে উঠেছিলে। কিন্তু জাতির পিতাকে হত্যার পর ৭৫-পরবর্তী সরকারগুলো সেসব কলকারখানা পানির দামে বিক্রি করে দেয়। তারা মানুষের উন্নয়নের পরিবর্তে নিজেদের ভাগ্যোন্নয়নে ব্যস্ত ছিল।

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা বেসরকারি খাতের উন্নয়নে কাজ শুরু করি। দেশে বিনিয়োগ আকর্ষণের জন্য আমরাই প্রথম দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে বেপজা ইনভেস্টরস্ কনফারেন্স করেছিলাম। সে সময় দেশে চট্টগ্রাম ইপিজেড এবং স্বল্প পরিসরে ঢাকা ইপিজেড চালু ছিল। পরবর্তীকালে বিনিয়োগের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমরা ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডের সম্প্রসারণ করি এবং কুমিল্লা ইপিজেড স্থাপন করি।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। এদিন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস সামিট, ২০১৮’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী ইউনিয়ন চরশরৎ এলাকায় এক হাজার ১৫০ একর ভূমি বেপজা ইকোনমিক জোনের জন্য অনুমতি দেন। এর পর থেকেই সেখানে রাস্তা ও সীমানা নির্ধারণ, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ ছাড়পত্রের জন্য কনসালট্যান্ট নিয়োগের দরপত্র আহ্বান করেছে বেপজা। চলমান কার্যক্রম অব্যাহত থাকলে দুই বছরের মধ্যে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বেপজা ইকোনমিক জোন পূর্ণাঙ্গরূপে বিনিয়োগের উপযোগী হয়ে উঠবে। ইতিমধ্যে অনেক বিনিয়োগকারী এ জোনে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছেন। এখানে প্লট পেতে প্রায় ৫০টি আবেদন জমা পড়েছে। তবে এ শিল্প জোনে প্রযুক্তিনির্ভর পণ্য এবং ভারী শিল্পকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেপজা কর্তৃপক্ষ।