চট্টগ্রামে শিবিরের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

0

চট্টগ্রাম নগরের সদরঘাট, অভয়মিত্র ঘাট ও বাকলিয়া এলাকা থেকে শিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়ে সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ইয়াছিন আহাদ ইমন নামে একটি কলেজের বিবিএ প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বিকালে সদরঘাট মোড় থেকে গ্রেফতার করা হয়। তার মোবাইলে পুলিশের ওপর এবং সরকারি স্থাপনায় হামলার নির্দেশনা ছিল।

‘ইয়াছিনের কাছ থেকে তথ্য পেয়ে অভয়মিত্র ঘাট থেকে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে বাকলিয়া থানায় ওয়াজিয়া পাড়ায় এক মেস থেকে আরও আটজনকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতার হওয়া ১৩ জনের নাম জানান সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন। গ্রেফতারকৃতরা হলেন- মো. কুতুব উদ্দিন (২৩), মো. ইয়াছিন আহাদ ইমন (২১), মো. জিয়াউর রহমান (২২), জুনাইদুল ইসলাম (২১), সাইফুদ্দিন খালেদ (২৪), মো. সাজ্জাদ হোসেন (২০), মো. রুহুল কাদের (২০), মো. মেহেরাজুল ইসলাম (১৮), মো. ইমরান হোসেন (২০), সাব্বির হোসেন (২৫), সাজেদুল করিম (১৮), খোরশেদ আলম (২৪) এবং মো. শাকিব (১৮)। তাদের বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীর বিভিন্ন এলাকায়।

এদের মধ্যে কুতুব উদ্দিন ১৮ নং ওয়ার্ড শিবিরের প্রকাশনা সম্পাদক। ইয়াছিন, জিয়াউর ও জুনাইদুল হচ্ছে শিবিরের সাথী পর্যায়ের নেতা। বাকিদের সাংগঠনিক কোন পদবী নেই বলে পুলিশ জানায়।
গ্রেফতার ১৩ জনের কাছ থেকে ছাত্রশিবিরের বিভিন্ন সাংগঠনিক বই, নথিপত্র, তিনটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.