Sunday, September 20

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কুমিল্লা মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা

0

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ ছাত্র আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শেখ রাসেল হোস্টেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকাল ৯টায় কলেজের সম্মেলন কক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আজ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কুমেকে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বাচিপের কেন্দ্রীয় নেতা কুমেকের দ্বিতীয় ব্যাচের ছাত্র আব্দুল হান্নান ও কেন্দ্রীয় নেতা অষ্টম ব্যাচের ছাত্র হাবিবুর রহমান পলাশের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ইরফানুল ও তৌফিকের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মহসিন উজ-জামান সাংবাদিকদের জানান, গভীর রাতে ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হলে কিছু ছাত্র আহত হয়েছে। আহতদের ঢাকা ও কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাহ উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

ঘটনা তদন্তে কলেজের উপাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.