জার্মানির কনস্ট্যানসের একটি নাইট ক্লাবে গোলাগুলিতে হামলাকারী এবং একজন ডোরম্যান নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ম্যাক্স-স্টরমায়ার সড়কের গ্রে নাইটক্লাবে এ ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর কনস্ট্যানসে এক লোক ওই নাইটক্লাবে ঢুকে স্বয়ংক্রিয় পিস্তল থেকে গুলি শুরু করে। এ সময় ভেতরে থাকা অতিথিরা লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তবে নাইটক্লাবের একজন ডোরম্যান ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হন।
একপর্যায়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন ওই বন্দুকধারী। সে সময় একজন পুলিশ সদস্যও আহত হন।
সুইজারল্যান্ড সীমান্ত লাগোয়া ওই জার্মান শহরে স্পেশাল কমান্ডো মোতায়েন করা হয়েছে। আকাশে হেলিকপ্টারও চক্কর দিতে দেখা গেছে।
সূত্র : বিবিসি