মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে মায়েদের অধিক সচেতনতা ও যত্নবান হওয়ার বিকল্প নেই। সে ক্ষেত্রে মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সহজে পড়াশুনায় আগ্রহী করে গড়ে তোলা সম্ভব। বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে মায়েদের উদ্দেশে এসব কথা বলেন চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন।
উপজেলায় শতভাগ মিড-ডে-মিল চালু থাকায় এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটের কার্যক্রম চালু থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাধুবাদ জানান তিনি। কাব স্কাউটের মাধ্যমে শিক্ষার্থীরা সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হতে শিখে। নৈতিকতাসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে কাব স্কাউটের ভূমিকা অপরিসীম বলে তিনি উল্লেখ করেন।
গতকাল বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। নিজের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা যে স্কুলে পড়েছি সেখানে চাটাইয়ের বেড়া আর ভাঙ্গা টিনের চালা ছিল, বর্ষায় এক হাঁটু কাদা মাড়িয়ে আমরা স্কুলে গিয়েছি কিন্তু আপনাদের সন্তাদের এখন সে অসুবিধা পোহাতে হয়না।”
সন্তানকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের ভুমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার মা শিক্ষিত না হলেও সচেতন ছিলেন বলেই আমি আজ জেলা প্রশাসক হতে পেরেছি। অভিভাবক সমাবেশে উপস্থিত মায়েদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় কন্যা সন্তানকে আঠার বছরের নীচে বিয়ে না দেওয়ার জন্য মায়েদেরকে শপথ করান জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন। মা সমাবেশ শেষে তিনি ৩০ জোড়া বেঞ্চ, শতভাগ মিড-ডে-মিল ধরে রাখার জন্য শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস ও “জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি” প্রদান করেন। এরপর পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন শেষে সুসজ্জিত প্রাক-প্রাথমিক শ্রেনীকক্ষ উদ্বোধন করেন। উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা শিক্ষা ডায়েরি বিতরণ করেন জেলা প্রশাসক।
দুর্গম এলাকা উত্তর নাপোড়া গ্রামে উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন এবং বেঞ্চ প্রদান করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোমেনা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, সহকারী কমিশনার(ভূমি) জনাব আল বাশীরুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: রাজিব হোসেন, বাঁশখালী পৌরসভার মেয়র জনাব সেলিমুল হক চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।