চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ এবং বিরাট কোহলির ভারত। ফাইনালিস্ট দল নির্ধারনী ম্যাচে টসে হেরে ভারতের বিরুদ্ধে ব্যাট করবে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করার পরই এই ম্যাচ নিয়ে দুই দেশের দর্শকদের মধ্যে ছড়াচ্ছে উত্তেজনা। অনেকে অতি উৎসাহী সমর্থক ভদ্রতার সীমা লংঘন করে যাচ্ছেন। বিষয়টি নিয়ে অধিনায়ক মাশরাফিও সমর্থকদের সীমা লংঘন না করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগারদের ‘কঠিন প্রতিপক্ষ’ উল্লেখ করে কোনোভাবেই নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে ভারতকে কোনো প্রকার ছাড় দিতে নারাজ বাংলাদেশ। কাগজে কলমে ভারত শক্তিশালী দল হলেও বাংলাদেশের সাম্প্রতিক ফর্মের কারণে তারা বিশ্বের যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে।
ক্রিকেট বিশ্বের শীর্ষ র্যাংকের আটটি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে পরাজিত হওয়া ভারতীয়রা দুর্দান্ত প্রতাপে শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। আর কার্ডিফে সাকিব-মাহমুদুল্লাহর রেকর্ড পার্টনাশিপে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
এদিকে গতকাল বুধবার স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আজ যে জিতবে তার সঙ্গে ফাইনালের মঞ্চে লড়াই হবে সরফরাজ বাহিনীর। এজবাস্টনের এ মাঠেই নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। আজকের উইকেটও ব্যাটিং বান্ধব হবে বলে জানা গেছে।