টাঙ্গাইলে জঙ্গি আস্তানার সূত্রে দারুস সালামে অভিযান : মুফতি মাহমুদ খান

0

টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযানের সূত্র ধরে রাজধানীর দারুস সালামের বাঁধন সড়কের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। আজ মঙ্গলবার ভোর ৫টায় আস্তানার কাছে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মুফতি মাহমুদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। ওই আস্তানা থেকে জেএমবির দুই জঙ্গি আটকসহ বেশকিছু জঙ্গিবাদী দ্রব্য উদ্ধার করা হয়। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল ওই গ্রুপের জেএমবির একজন দূুর্ধর্ষ জঙ্গি দারুস সালামের আস্তানায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে রাত ১টায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের শুরুতে ওই ছয়তলা ভবনের পঞ্চম তলা থেকে জঙ্গিরা বেশ কয়েকটি আইইডি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে আমাদের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করে। সে সময় জঙ্গিদের সঙ্গে বেশ কয়েকবার গুলি বিনিময় হয়। দারুস সালামের আস্তানায় অভিযান চলমান আছে উল্লেখ করে তিনি আরো বলেন, এ এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা। আশপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করে ফাইনাল অভিযান শুরু হবে।

ভেতরে কতজন জঙ্গি অবস্থান করছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। জঙ্গির ছোড়া বোমা কিংবা গুলি বিনিময়ে এখনো কোনো ক্যাজুয়ালিটির খবর পাওয়া যায়নি।

পৌনে ৫টায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে এসে ওই ভবনের সামনে পানি নিক্ষেপ করে চলে যায়। এ বিষয়ে তিনি বলেন, জঙ্গিরা ভেতর থেকে কিছু লিকুইড পদার্থ নিক্ষেপ করে। এসব দাহ্য পদার্থ কি না আমরা নিশ্চিত নই, তবে কোনো ধরনের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে সেগুলো ধুয়ে দিয়েছেন।

ওই ফ্ল্যাটে কাউকে জিম্মি করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো জিম্মির তথ্য নেই। তবে ভবনের অন্যান্য ফ্ল্যাটে যারা আছেন তাদের খুব তাড়াতাড়িই নিরাপদ অবস্থায় নিয়ে আসা হবে। তারপর পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত অভিযান পরিচালিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.