মার্কিন ডলারের দাম আরও ২৫পয়সা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে গত ১৫ দিনের ব্যবধানে।২৫ পয়সা দর কমানোর ফলে ডলারের নতুন ক্রয় দর নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বিক্রয় দর নির্ধারণ হয়েছে ১১০ টাকা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে নতুন নির্ধারিত দর কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বুধবার ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে এ দাম নির্ধারণ করে থাকে সংগঠন দুটি।
বিষয়টি নিশ্চিত করে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানায়, এখন থেকে ডলারের ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা আর বিক্রয় দর হবে ১১০ টাকা। দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে।
বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দর নির্ধারণ করছে।
কোভিড মহামারী থেকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময় ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে দেশের মুদ্রা বাজারে ডলারের চাহিদা বাড়তে থাকে। ডলারের বাজারে অস্থিরতা তৈরি হলে বাফেদা ও এবিবি দর নির্ধারণের দায়িত্বে আসে। এরপর থেকে পরিস্থিতি সামাল দিতে ক্রমাগত ডলারের দর বাড়িয়ে আসছিল সংগঠন দুটি।
দর বাড়ানোর হার বেশি হয়ে যাচ্ছে কিনা এমন সমালোচনার মধ্যে গত সপ্তাহে প্রথমবারের মতো ডলারের দর কমিয়েছে সংগঠন দুটি।