Wednesday, September 30

তাইজুলের শিকারে দ্বিতীয় উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা

0

টেস্টের প্রথম দিন থেকেই শের-ই-বাংলার উইকেট স্পিনারদের পক্ষেই কথা বলছে। রাজ্জাকের পর বাংলাদেশকে দ্বিতীয় ব্রেক থ্রু এনে দিলেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণিতে ২ চার ১ ছক্কায় ১৯ রান করা ধনাঞ্জয়া ডি সিলভা সাব্বির রহমানের তালুবন্দি হয়েছেন। এরই সঙ্গে ভাঙল ৪৭ রানের দ্বিতীয় উইকেট জুটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ৭৪ রান তুলেছে শ্রীলঙ্কা। ৪৩ রানে ব্যাট করছেন ওপেনার কুশল মেন্ডিস।

আজ বৃহস্পতিবার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানে দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে এবং লিটন দাসের দ্রুততায় স্টাম্পড হয়ে যান করুনারত্নে (৩)।

এই টেস্ট জিতলে কিংবা ড্র করলে প্রথমবারের মত টেস্ট র‍্যাংকিংয়ে ৮ নম্বরে ওঠার সুযোগ আছে টাইগারদের সামনে। শের-ই-বাংলার ঘূর্ণি উইকেটে ৩ স্পিনার নিয়ে আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। ৩৫ বছর বয়সী রাজ্জাকের সঙ্গে ঘূর্ণি আক্রমণে আছেন তাইজুল ইসলাম আর মেহেদী মিরাজ। একমাত্র পেসার হিসেবে আছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

একাদশে আরও সুযোগ পেয়েছেন হার্ডহিটার সাব্বির রহমান। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। চোখের সমস্যা কাটিয়ে এই সিরিজেই দলে ফিরেছিলেন মোসাদ্দেক। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ৮ রান করে করায় (একটি অপরাজিত) তাকে আর সুযোগ দেওয়া হয়নি। এছাড়া বাকী সব কম্বিনেশন একই আছে।

টাইগার একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাব্বির রহমান, মেহেদী মিরাজ, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, রোশান সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ধনুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.