রোববার রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আলী জানান, জ্বালানি তেল নিয়ে খুলনা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি।
উথলী স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে উথলী স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ শেষে দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।