থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দুই সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। উদ্ধারকারী দল স্থানীয় সময় সকাল দশটায় গুহায় প্রবেশ করেছে বলে ঘটনাস্থলেই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা। খবর বিবিসি বাংলার।
এর আগে উদ্ধারকারী দল, ডুবুরি, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছাড়া সেটির প্রবেশমুখ থেকে মিডিয়াকর্মী ও অন্যদের সরে দেয়ার নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানের প্রধান আটকে পড়া ওই ফুটবল টিমকে উদ্ধারের পরিবেশ ‘পারফেক্ট’ বলে মন্তব্য করার একদিন পর কর্তৃপক্ষ এ ধরনের নির্দেশনা জারি করলো। খবর স্কাই নিউজের।
পুলিশ কমান্ডার কমসান সা-আর্দলুয়ান বলেছেন, যারা এই অভিযানের সঙ্গে সম্পৃক্ত নয় তাদের তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করতে হবে। লাউডস্পিকার ব্যবহার করে এ ঘোষণা দেন এই উদ্ধারের অভিযানের প্রধান। তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনার পর মনে হয়েছে, আটকে পড়াদের উদ্ধারের জন্য আমাদের এই এলাকার ব্যবহার প্রয়োজন।
গত ২৩ জুন একটি প্র্যাকটিস ম্যাচের পর ওই গুহায় প্রবেশ করে ১২ শিশু ফুটবলার ও তাদের। ওই শিশুদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে এবং তাদের কোচের বয়স ২৫ বছর। কিন্তু সেখানে প্রবেশ করার পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এতে করে তাদের বাইরে আসার পথ বন্ধ হয়ে যায়।
১৩ বিদেশি ডুবুরি ছাড়াও থাই নৌবাহিনীর আরও পাঁচজন এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।