Monday, September 28

দক্ষিণ আফ্রিকায় খেলতে যেতে পারলেন না রুবেল

0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফ্রিকায় পৌঁছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফ্রিকায় পৌঁছে এক দিন বিশ্রাম। এরপর কাল বেনোনির সাহারা উইলোমুর পার্ক মাঠে প্রথম অনুশীলনটাও সেরে নিয়েছে বাংলাদেশ দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম ইকবাল ও ইংল্যান্ডে হাইপারফরম্যান্স দলের সঙ্গে থাকা শুভাশিস রায়।

তবে খারাপ খবর, টাইগার ক্রিকেট দল মোট দুই ধাপে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমালেও দলের সাথে যেতে পারেননি পেসার রুবেল হোসেন। টাইগার ফাস্ট বোলার রুবেল দ. আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করতে দলের বাকি সদস্যদের সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলেও, অতিক্রম করতে পারেননি ঢাকার সীমানা। দক্ষিণ আফ্রিকার জন্য বিমানে চড়ার বদলে বিমানবন্দর থেকেই ফিরে আসতে হয়েছে তাকে। দক্ষিণ আফ্রিকায় সফর আদৌ করতে পারবেন কিনা রুবেল তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা!

দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না আসায় এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ রুবেলকে বিমানে তুলতে অস্বীকৃতি জানায়। দলের সবাই চলে গেলেও রুবেল ফিরে যান বাসায়।

জানা যায়, এয়ারলাইনস থেকে নাকি জানানো হয়েছে, রুবেলের নিরাপত্তা ছাড়পত্র আসার সম্ভাবনা নেই। কারণ এই নামটি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, কোনো কোনো দেশের নতুন নিয়মানুযায়ী এখন চূড়ান্ত গন্তব্য থেকে ওকে টু বোর্ড ছাড়পত্রের দরকার হয় যাত্রীদের। বোর্ডিং পাস দেওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসও সেই ছাড়পত্রটি এনে থাকে। যেকোনো কারণেই হোক অন্যদের ছাড়পত্র এলেও আসেনি রুবেলেরটি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.