Tuesday, September 29

দর্শকদের দুয়োধ্বনি শুনতে হল ‘স্বার্থপর’ নেইমারকে

0

পিএসজির হয়ে এক ম্যাচ মাঠের বাইরে থেকে বুধবার রাতে রূদ্ররূপে ফিরলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। ঘরের মাঠে দিজোঁর বিপক্ষে গোল উৎসবের রাতে ৪টি গোল করলেন তিনি। ফরাসি জায়ান্টরা জয় পেল ৮-০ গোলে। কিন্তু এমন দুর্দান্ত পারফর্মেন্সের পরও নিজেদের সমর্থকরাই নেইমারকে দুয়োধ্বনি শুনিয়ে দিল! কিন্তু কেন?

এই দুয়োধ্বনির রহস্য উন্মোচনে একটু পেছনে ফিরতেই হবে। ঘটনা নেইমার-কাভানির সেই আলোচিত দ্বন্দ্ব থেকে। পেনাল্টি কিক নিয়ে সেই দ্বন্দ্বের অবসান হয়েছে আরও আগেই। কোচ উনাই এমেরিও নেইমারকেই পেনাল্টি নেওয়ার সার্টিফিকেট দিয়েছেন। উরুগুয়ের সুপারস্টারও মেনে নিয়েছেন এই সিদ্ধান্ত। কিন্তু পেনাল্টির একক স্বাধীনতা পেয়েই ‘স্বার্থপর’ হয়ে উঠেছেন ব্রাজিল তারকা! যার প্রমাণ পাওয়া গেল বুধবারের ম্যাচে।

চলতি লিগেই পিএসজির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে জ্লাটান ইব্রাহিমোভিচের ১৫৬ গোলের রেকর্ডে ইতিমধ্যেই ভাগ বসিয়েছেন এডিনসন কাভানি। আর একটি গোল পেলেই নতুন ইতিহাসের সৃষ্টি হত। দরকার ছিল একটি সুযোগের। সুযোগটিও এসেছিল; কিন্তু নেইমার কাভানিকে সেই সুযোগ দিলে তো…? এই বিষয়টিই ক্ষেপিয়ে দিয়েছিল পিএজির সমর্থকদের।

ঘটনা ম্যাচের শেষ গোলটি নিয়ে। নেইমারের হ্যাটট্রিক, অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোল, কাভানি ও এমবাপ্পের একটি করে গোলে তখন ৭-০-তে এগিয়ে ছিল পিএসজি। ঠিক সেই মুহূর্তে ক্লাবটি আরও একটি পেনাল্টি পায়। গ্যালারিতে থেকে কাভানির নামে স্লোগান ওঠে। দর্শকরা তখন কাভানির নতুন ইতিহাস দেখার অপেক্ষায়। কিন্তু নেইমার স্বার্থপরের মত নিজেই পেনাল্টি নিলেন!

আর যায় কোথায়! নেইমারের এই স্বার্থপর আচরণ দেখে চটে গেল পিএসজির সমর্থকরা। খোদ নিজেদের ক্লাবের সবচেয়ে বড় সুপারস্টারকে সিটি বাজিয়ে, দুয়োধ্বনি শুনিয়ে মাঠ থেকে বিদায় দিল। দর্শকদের এই আচরণ হয়তো নেইমারও মানতে পারেননি। শেষ বাঁশি বাজার পর মাথা দোলাতে দোলাতে বের হয়েছেন। অনেকেই বলছেন, চলতি লিগে কাভানির ২১ গোলের রেকর্ড ধরে ফেলতেই নাকি ১৫ গোল করা নেইমারের এই তাড়াহুড়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.