গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন বিভাগ ও দপ্তরের সংস্কার শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে কয়েকটি জেলার ডিসিকে ধারাবাহিকভাবে বদলি করেছে সরকার।এদিকে আগামী দু-একদিনের মধ্যে আরও ৩৯ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করতে পারে অন্তর্বর্তী সরকার। প্রত্যাহারের একদিন পর জেলাগুলোতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।
গত ২০ আগস্ট যেসব জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছিল, সেসব জেলায় সোমবার (৯ সেপ্টেম্বর) উপসচিব পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।ডিসিরা জেলাগুলোতে বেসামরিক প্রশাসনের প্রধান। তারা স্থানীয় শাসনের তত্ত্বাবধানে জনসেবা কার্যকরভাবে সরবরাহ নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর আগে কখনোই এত অল্প সময়ের মধ্যে ৬৪ জেলার ডিসি বদলানো হয়নি।
সব ডিসিদের প্রত্যাহার নিয়ে সরকারের মধ্যে কিছুটা দ্বিধা ছিল। অনেকে যুক্তি দিয়েছিলেন, বর্তমানে অনেক যোগ্য কর্মকর্তা ডিসি হিসেবে কর্মরত আছেন এবং তাদের সরিয়ে দেওয়া ঠিক হবে না। অন্যদিকে, যারা দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছেন, তারা এই ডিসিদের সরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে কর্মকর্তারা জানান।