সরওয়ার কামাল: আগামী ১৩ ডিসেম্বর, রোজ বুধবার, মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, শায়খুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফী। আজ বেলা ১২ টায় নিজ কার্যালয়ে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
হেফাজত আমীর বলেন, মার্কিন উন্মাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের পবিত্র ও প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস সংবলিত শহর জেরুসালেমকে জবরদখলবাজ ইহুদীবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা এবং আমেরিকান ঘাটি তেলআবিব থেকে জেরুসালেমে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে। এরই প্রতিবাদে হেফাজতে ইসলাম কর্তৃক ঘোষিত আগামী ১৩ ডিসেম্বর, রোজ বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার জন্যে বাংলাদেশের সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমেরিকা মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। সেই কাল হাতকে গুড়িয়ে দিতে মুসলিম রাষ্ট্রনায়কদের ঐক্যবদ্ধ হুংকার ও সম্মিলিত প্রতিরোধের প্রয়োজন। তাই মতানৈক্যের জাল ছিন্ন করে ঐক্যের প্রাচীর গড়ে তোলুন।