
মুহাম্মদ এরশাদ, চন্দনাইশ থেকে : চট্টগ্রাম- ১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশের প্রত্যেকটি মসজিদ মাদ্রাসায় পর্যাপ্ত বরাদ্দ দিয়ে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।
তিনি বলেন, দেশে ইসলামের উন্নয়নে যা কাজ হয়েছে সবিই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা ইসলামের জন্য মায়া কান্না ছাড়া কিছুই করেনি। ইতিমধ্যে চন্দনাইশ-সাতকানিয়ার বেশ কয়েকটি মাদ্রাসায় কোটি কোটি টাকা ব্যয়ে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। যুগোপযোগি ও বিজ্ঞান ভিত্তিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করায় এখন মাদ্রাসা শিক্ষার্থীরাও সমানতালে বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সরকারি চাকুরির সুযোগ পাচ্ছে। অথচ এক সময় মাদ্রাসা শিক্ষার্থীরা সরকারি চাকুর পেত না। তারা মসজিদের ঈমাম, মোয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষকের চাকুরির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশের প্রত্যেকটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে একটি করে আধুনিক মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। অল্প সময়ের মধ্যেই এসব মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।
তিনি গতকাল ১৮ আগস্ট শুক্রবার দুপুরে সাতকানিয়ার কালিয়াইশে ২৮ লক্ষাধিক টাকা ব্যয়ে পুনঃনির্মিত কাটগড়-মলেয়াবাদ জামে মসজিদের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কাটগড়-মলেয়াবাদ ফোরকানিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও অজুখানা নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি হোসেন উদ্দীন আহমদ ভূট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাহাদুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক মাষ্টার মো. মহিউদ্দীন, যুবলীগ নেতা সবিউল আজাদ চৌধুরী সোহেল, মো. হুমায়ুন কবির, রাশেদ খান মেনন, ছাত্রলীগ নেতা মো. ইমতিয়াজ প্রমুখ।