আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে বিএনপি চায় না জেল জুলুম মোকাবেলা করে তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করুক। আর তারেক রহমানের সে সাহসও নেই।
শনিবার সকালে বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া অংশ নিতে পারবেন কি না তা ঠিক করবেন আদালত। সরকারের কিছুই করার নেই। আদালতের নির্দেশের আলোকে সরকার কাজ করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম প্রমুখ।