Monday, September 14

দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বৃদ্ধিতে দুর্ভোগ

0

দেশের প্রায় সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন উত্তরাঞ্চলের নদীগুলোতে পানি কমার প্রবণতা থাকলেও সোমবার থেকে তা আবারও বাড়তে শুরু করেছে। ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘট, যমুনা ও পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। মেঘনাসহ দেশের অন্য নদীগুলোর পানিও বাড়ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য জানান।

পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা, তিস্তা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়তে পারে।

পাউবো জানিয়েছে, অন্তত আরও দুই দিন ব্রহ্মপুত্র-যমুনার পানি বাড়বে। এছাড়া আজ ও কাল দেশের উত্তর ও পূর্বাঞ্চলে এবং ওই এলাকা সংলগ্ন ভারতীয় অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল সোমবার প্রতিবেশী দেশ ভারতের চেরাপুঞ্জিতে ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিন বাংলাদেশে পানি বৃদ্ধির প্রবণতা আরও বাড়তে পারে।

এদিকে সোমবার দেশের ৫টি স্থানে নদ-নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এগুলো হলো- সুরমার কানাইঘাট ও সুনামগঞ্জ পয়েন্ট, কুশিয়ারার শেরপুর-সিলেট পয়েন্ট, সারিঘাটের সারিগোয়াইন পয়েন্ট এবং পুরাতন সুরমার দিরাই পয়েন্ট।

এদিকে মৌলভীবাজারে বন্যাপরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। কুশিয়ারার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচে নামলেও বাঁধের ভাঙনে দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষ।

অন্যদিকে বান্দরবানে গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে দনিয়াল পাড়া এলাকায় পাহাড় ধসে, একজনের মৃত্যু হয়। বন্ধ হয়ে গেছে বান্দরবান -রুমা ও বান্দরবান -রাঙ্গামাটি সড়ক যোগাযোগ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.